সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৫.৫৪%

বেড়েছে পেঁয়াজ, আদা, রসুন, শুকনো মরিচ,

শাকসবজি, মাছ, ব্রয়লার মুরগির দাম

ইত্তেফাক রিপোর্ট

গেল সেপ্টেম্বর মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৪ শতাংশে। আগস্ট মাসে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৪৯ শতাংশ। এ সময় খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় খাতে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হয়েছে। এক মাসের ব্যবধানে দেশে পেঁয়াজ, আদা, রসুন, শুকনো মরিচ, শাকসবজি, মাছ, ব্রয়লার মুরগি ও অন্যান্য খাদ্যদ্রব্যের দাম বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে দেখা যায়, আগস্টে দেশের গ্রামীণ অঞ্চলে ৫ দশমিক ৩৪ শতাংশ থেকে সেপ্টেম্বরে বেড়ে ৫ দশমিক ৪০ শতাংশ হয়েছে। অন্যদিকে শহরাঞ্চলে এ সময় মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৭৫ শতাংশ থেকে বেড়ে ৫ দশমিক ৮০ শতাংশ হয়েছে। গতকাল একনেক সভায় উপস্থাপিত এই প্রতিবেদনে বলা হয়েছে, এক মাসের ব্যবধানে চিকিত্সাসেবা, শিক্ষা উপকরণ ও জ্বালানি কাঠের খরচ বেড়েছে। তবে গত এক বছরে মূল্যস্ফীতির গড় সরকারি লক্ষ্যমাত্রা সাড়ে ৫ শতাংশে স্থির রয়েছে।

মূল্যস্ফীতির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, আগস্ট মাসে দেশে খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার ৫ দশমিক ২৭ থেকে কিছুটা বেড়ে ৫ দশমিক ৩০ শতাংশ হয়েছে। অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার এই সময়ে ৫ দশমিক ৮২ থেকে বেড়ে ৫ দশমিক ৯২ শতাংশ হয়েছে।

শহর ও গ্রামাঞ্চলে মূল্যস্ফীতির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, আগস্টে গ্রামীণ অঞ্চলে খাদ্যপণ্যে ৫ দশমিক ৩৮ শতাংশ মূল্যস্ফীতি হলেও এটা কিছুটা বেড়ে সেপ্টেম্বরে ৫ দশমিক ৪০ শতাংশ হয়েছে। অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্যে ৫ দশমিক ২৫ শতাংশ থেকে বেড়ে ৫ দশমিক ৪২ শতাংশ হয়েছে। শহরাঞ্চলে আগস্টে খাদ্যপণ্যে ৫ দশমিক ০২ শতাংশ মূল্যস্ফীতি থাকলেও সেপ্টেম্বরে হয়েছে ৫ দশমিক ১০ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যে ৬ দশমিক ৬০ শতংশ থেকে ৬ দশমিক ৬১ শতাংশ হয়েছে।