ব্যবহারকারীদের অসতর্কতার জন্য সাইবার হামলার ঘটনা ঘটছে

বিআইবিএমের সেমিনারে

বক্তারা 

ইত্তেফাক রিপোর্ট 

ব্যবহারকারীদের অসতর্কতার জন্য সাইবার হামলার ঘটনা ঘটছে। এজন্য ব্যাংকিং খাতের সাইবার ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বাড়াতে হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর মিরপুরে বিআইবিএম মিলনায়তনে ‘সাইবার সিকিউরিটি-ফার্স্ট রেসপন্ডার : থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্স’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআইবিএমের অধ্যাপক এবং পরিচালক (প্রশিক্ষণ) ড. শাহ মো. আহসান হাবীব। সেমিনারের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রিফর্মস অ্যাডভাইজর এস কে সুর চৌধুরী। কর্মশালায় সভাপতিত্ব করেন বিআইবিএমের  ড. মোজাফফর আহমদ চেয়ার প্রফেসর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. বরকত-এ-খোদা। এস কে সুর চৌধুরী বলেন, সাইবার থ্রেট ডিটেকশন হলো সাইবার ঝুঁকি খুঁজে বের করা এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া। বাংলাদেশ ব্যাংক সাইবার ঝুঁকির বিষয়ে খুবই সর্তক। এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। ব্যাংকগুলোর জন্য এ সংক্রান্ত একটি গাইডলাইন তৈরি করা হয়েছে।