g রয়টার্স
নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি মাদ্রাসা থেকে শেকলে বাঁধা, নির্যাতনের শিকার ৬৭ জনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারপ্রাপ্তরা সবাই বালক কিংবা পুরুষ; তাদের বয়স সাত থেকে ৪০ বছরের মধ্যে বলে পুলিশ জানিয়েছে। এ নিয়ে এক মাসেরও কম সময়ের মধ্যে আফ্রিকার এ দেশটিতে এ ধরনের দুটি মাদ্রাসার খোঁজ পেল আইনশৃঙ্খলা বাহিনী।
গত মাসে কাদুনা রাজ্যের আরেকটি মাদ্রাসা থেকে বালক ও পুরুষ মিলিয়ে ৩০০ জনকে উদ্ধার করা হয়েছিল; তাদের ওপরও ‘ভয়াবহ’ অত্যাচার ও যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার কাদুনার প্রতিবেশী কাতসিনার দৌরা প্রশাসনিক এলাকার সাবোন গেরিনের একটি মাদ্রাসায় পুলিশ অভিযান চালায়। নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এই কাতসিনারই লোক। ‘তদন্তের সময় সাত থেকে ৪০ বছর বয়সি ৬৭ জনকে শেকলে বাঁধা অবস্থায় পাওয়া গেছে। ক্ষতিগ্রস্তরা নানান অমানবিক ও নির্মম ব্যবহারের শিকার হয়েছেন,’ সোমবার বিবৃতিতে বলেছেন কাতসিনা পুলিশের মুখপাত্র সানসুই বুবা। উদ্ধারপ্রাপ্ত বালক ও প্রাপ্ত বয়স্কদের তাদের নিজ নিজ পরিবারের হাতে তুলে দেওয়ার কাজ চলছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।