সরকারি রাস্তা পুকুরের পাড় হিসেবে ব্যবহার রীতিমতো একটি নিয়মে পরিণত হয়েছে। সাধারণত গ্রাম অঞ্চলের অধিকাংশ পুকুরের পাড় হিসেবে ব্যবহূত হচ্ছে সরকারি রাস্তা। যার ফলে বর্ষাকাল বা অন্যান্য সময়ে রাস্তা ভাঙন শুরু হলে জনসাধারণের দুর্ভোগ ওঠে চরমে। সরকারি রাস্তা পুকুরের পাড় হিসেবে ব্যবহার বেআইনি। সবাইকে এই বিষয়ে সচেতন হতে হবে। কেউ যদি সরকারি রাস্তা পুকুরের পাড় হিসেবে ব্যবহার করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো, বেআইনি কাজ করার পরেও পুকুর মালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। যার ফলে যে কেউ সরকারি রাস্তা পুকুরের পাড় হিসেবে ব্যবহার করতে সাহস পাচ্ছে। আবার রাস্তা ভাঙন শুরু হলে সরকারি খরচে রাস্তার ঠিক করা হবে! মগের মুলুক পেয়েছে নাকি! এটা একেবারেই অনুচিত। পুকুরের পাশের রাস্তাগুলোর ভাঙন শুরু হলে মালিকদেরই সেসব ঠিক করে দিতে হবে। সরকার কেন সেই রাস্তা ঠিক করার জন্য অর্থ দেবে? সরকারি রাস্তার পাশে পুকুর খনন করতে চাইলে প্রত্যেকের একটি বিষয় মাথায় রাখতে হবে। সেটা হলো, পুকুরের পাড় হিসেবে যেন সরকারি রাস্তা ব্যবহার না করা হয়। একটি পুকুরের পাড়ের ক্ষেত্রে যতটুকু জায়গা প্রয়োজন, ঠিক সেই পরিমাণ জায়গা রাস্তার পাশেই রেখে দিতে হবে। তাহলে সরকারি রাস্তার কোনো ক্ষতি হবে বলে মনে করি না। সরকারি রাস্তা পুকুরের পাড় হিসেবে ব্যবহারের তত্পরতা অনেকাংশে বেড়ে গেছে। যতদ্রুত সম্ভব এই তত্পরতা বন্ধ করতে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জোর আবেদন জানাচ্ছি।
জুয়েল নাইস
শিক্ষার্থী,
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি,
ঢাকা কলেজ