মাঠ ও শ্রেণিকক্ষে থইথই পানি!

কুনিয়া পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়

প্রধান শিক্ষিকাসহ অসুস্থ ১০

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা

মাঠ ও শ্রেণিকক্ষের মেঝেতে থইথই পানি। পুরোটা বর্ষকাল এ রকম থাকে। এর মধ্যেই ক্লাস করছে ২০০ কোমলমতি শিক্ষার্থী। এভাবে চলছে প্রায় ১৪-১৫ বছর। নিমজ্জিত মেঝেতে ক্লাস করতে করতে গত কয়েক দিনে প্রধান শিক্ষিকাসহ ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। দিনের পর দিন এমন চলতে থাকায় ঐ স্কুলের প্রায় ২০০ শিক্ষার্থীর লেখাপড়া বন্ধের উপক্রম হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে এমনটাই জানালেন বাগেরহাটের চিতলমারী উপজেলার ১৫ নম্বর কুনিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. বাদশা মিয়া।

তিনি আরো জানান, সামনে ছেলেমেয়েদের বার্ষিক পরীক্ষা। তার স্কুলে প্রায় ২০০ শিক্ষার্থী ও চার জন শিক্ষক রয়েছেন। তাই বাধ্য হয়ে স্কুলের মাঠে ও ক্লাস রুমের ফ্লোরে থইথই পানির মধ্যে স্যাঁতসেঁতে পরিবেশে পাঠদান করতে হচ্ছে। ক্লাস করাতে গিয়ে স্কুলের প্রধান শিক্ষিকা তাহমিনা বেগম ও ক্লাস করতে গিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী শিমলা আক্তার, অনিকা, মঞ্জুরণ আক্তারসহ কমপক্ষে ১০ জন অসুস্থ হয়ে পড়েছেন। অনেকে আবার স্কুলে আসা বন্ধ করে দিয়েছেন। এছাড়াও স্কুলের আশপাশের ৪০-৫০ পরিবারের লোক পানিবন্দি হয়ে পড়েছেন।

চতুর্থ শ্রেণির ছাত্রী রেক্সনা, লিতু মনি, মিমসহ অনেকে জানান, প্রতিদিন সকালে এসে তাদের রুমের পানি সেচ দিয়ে ক্লাস করতে হয়। আবার কিছুক্ষণের মধ্যে পানিতে ক্লাসরুম ভরে যায়।

এ ব্যাপারে কুনিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা বেগম জানান, ২০০৫ সাল থেকে বেশ কয়েকবার কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু এখনো কোনো সুফল পাওয়া যায়নি।

তবে চিতলমারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, ‘জলাবদ্ধতার কারণে শিক্ষক ও শিক্ষার্থীদের চরম সমস্যা হচ্ছে। ঐ স্কুলের নতুন ভবনের বরাদ্দ হয়েছে। কাজ শুরু হতে সময় লাগবে। ’