রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা
লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রী হত্যার অভিযোগে মোহাম্মদ হোসেন (৪৫) ওরফে মাদ হোসেন নামে এক জেলেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে জারিদোনা ব্রিজ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে সোমবার সন্ধ্যায় হোসেনের স্ত্রী পারুল আক্তারের (২৮) অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
হোসেন উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুজন গ্রামের আলী হোসেনের ছেলে। নিহত পারুল বয়ারচরের ইসলামপুর দিদার বাজার সমাজের মো. বাহার মিস্ত্রির মেয়ে। এ ঘটনায় নিহতের পিতা মো. বাহার মিস্ত্রি বাদী হয়ে মোহাম্মদ হোসেনের নামোল্লেখ এবং আরো অজ্ঞাতনামা দুই-তিন জনকে অভিযুক্ত করে রামগতি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে হোসেনের সঙ্গে পারুলের বিয়ে হয়। নাহিদ (৩) ও সহিদ (২) নামে দুই ছেলে রয়েছে তাদের। গত ২৫ সেপ্টেম্বর নিহত পারুলের স্বামী হোসেন তার স্ত্রী নিখোঁজ হয়েছে মর্মে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি সূত্রে পুলিশ বিভিন্ন স্থানে খোঁজ করেও পারুলের সন্ধান পায়নি। সোমবার বিকালে হোসেনের বাড়ির পাশে একটি মোবাইল টাওয়ারের পরিত্যক্ত টয়লেটের ভেতরে পারুলের অর্ধগলিত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পারুলের স্বামী মোহাম্মদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। সাত দিনের রিমান্ড আবেদন করে মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।