সিলেট নগরীতে ট্রাক চলাচল নিয়ন্ত্রণে আট গেট স্থাপন

সিলেট অফিস

সিলেট নগরীতে চলাচলরত পাথর বোঝাই ট্রাকের বেপরোয়া গতির কারণে সৃষ্টি হচ্ছে যানজট। দুর্ঘনার আশঙ্কার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ দীর্ঘদিনের। এসব সমস্যা সমাধানে এবার উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। নগরীর প্রবেশমুখগুলোতে স্থাপন করা হচ্ছে গেট। নির্দিষ্ট পথে নির্ধারিত সময়ে এসব গেট খুলে দেওয়া হবে। যেসব সড়কে ট্রাক প্রবেশ নিষিদ্ধ সেগুলো বন্ধ থাকবে। সিলেট মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা অনুযায়ী নগরীর প্রবেশমুখগুলোতে আটটি গেট লাগানো হবে বলে জানা গেছে। এর মধ্যে টিলাগড়, আম্বরখানা এলাকায় কয়েকটি গেট লাগানোর কাজ চলছে।

জানা যায়, এরই মধ্যে প্রশাসন রাত ১০টার আগে নগরীতে ট্রাক প্রবেশে নিষেধ করে। এছাড়া নগরীর ভেতরে ট্রাক চলাচলের জন্য নির্দিষ্ট কিছু রাস্তাও নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু অধিকাংশ ট্রাকচালকই তা মানে না। ভেলাগঞ্জ পাথর কোয়ারি থেকে সহস্রাধিক পাথরবোঝাই ট্রাক সন্ধ্যার পর থেকেই বেপরোয়া গতিতে নগরীর আম্বরখানা হয়ে, কিছু ট্রাক শাহী ঈদগাহ সড়ক দিয়ে ঢাকা রোডে আর কিছু ট্রাক সুবিদবাজার হয়ে সুনামগঞ্জ বাইপাস হয়ে ঢাকা রোডে যায়।

এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী রুহুল আলম বলেন, ট্রাক চলাচল বন্ধে নগরীর প্রবেশমুখগুলোতে আটটি গেট লাগানোর কাজ চলছে। তবে কিছু সড়কে ড্রেনের কাজ চলমান থাকায় সেসব যায়গায় পরবর্তীতে লাগানো হবে।