উখিয়ায় ফোর মার্ডার
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের পূর্ব রত্নাপালংয়ে সংগঠিত চাঞ্চল্যকর ফোর মার্ডার মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করে পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) হস্তান্তর করার পর পরিদর্শক পুলক বড়ুয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলক বড়ুয়া এ চাঞ্চল্যকর মামলার ৩ নম্বর তদন্তকারী কর্মকর্তা (আইও)। মামলাটি কক্সবাজার জেলা পুলিশের তত্ত্বাবধানে থাকা অবস্থায় প্রথমে উখিয়া থানার এসআইকে, পরে একই থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল ইসলাম মজুমদারকে আইও নিয়োগ দেওয়া হয়েছিল।
মামলাটির নতুন আইও পিবিআই-এর পরিদর্শক পুলক বড়ুয়া সাংবাদিকদের জানান, ফিঙ্গারপ্রিন্ট, ময়নাতদন্ত রিপোর্ট, সুরতহাল রিপোর্ট, ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) হতে ফরেনসিক প্রসেস ও ডিএনএ প্রোফাইলিং রিপোর্ট পর্যালোচনা করে মিলিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, ফোর মার্ডার ঘটনায় পুলিশ ইতিমধ্যে দুই জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো—শিপু বড়ুয়ার স্ত্রী রিপু বড়ুয়া (২৮) ও অপর জন রোমেল বড়ুয়ার পুত্র উজ্জ্বল বড়ুয়া (২৪)।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে রোকন বড়ুয়ার মা সুখী বালা বড়ুয়া (৬৫), সহধর্মিণী মিলা বড়ুয়া (২৫), একমাত্র পুত্র রবিন বড়ুয়া (৫) ও ভাইজি সনি বড়ুয়াকে (৬) কে বা কারা জবাই করে হত্যা করে।