সুন্দরবনে অজ্ঞাতনামা তরুণী উদ্ধার

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা

পূর্ব সুন্দরবন বিভাগের মোরেলগঞ্জের গুলিশাখালী টহল ফাঁড়ির ১০ কি.মি. ভেতর থেকে কঙ্কালসার অচেতন অজ্ঞাত এক তরুণীকে (২৫) উদ্ধার করা হয়েছে। রুগ্ণ কঙ্কালসার মেয়েটিকে সোমবার রাতে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নিশানবাড়িয়া গ্রামের জেলে জাহিদুল ইসলাম ও সবুজ মিয়া জানান, সোমবার সকালে তারা শুয়ারমারা ফরেস্ট অফিস নিকটবর্তী খালের পাড়ে রুগ্ণ মেয়েটিকে দেখতে পেয়ে ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চুকে অবহিত করেন। ইউপি চেয়ারম্যান তাত্ক্ষণিক লোক পাঠিয়ে তাকে উদ্ধার করে জিউধরা বাজারে নিয়ে প্রাথমিক চিকিত্সার ব্যবস্থা করেন।  শারীরিক দুর্বলতার কারণে মেয়েটি এখন বাকরুদ্ধ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানকে বিষয়টি অবহিত করা হলে অজ্ঞাত ঐ তরুণীকে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার নির্দেশ দেন। 

থানার অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম জানান, মেয়েটি পাগল কিংবা মানসিক ভারসাম্যহীন হতে পারে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুফতি কামাল জানান, রুগ্ণ কঙ্কালসার তরুণীর চিকিত্সা চলছে। তার শরীর খুবই দুর্বল। কিছুটা নড়াচড়া করতে পারছে। তবে এখনো কথা বলতে পারছে না।