ভোলা দক্ষিণ প্রতিনিধি
ভোলার লালমোহন পৌরসভার নবনির্বাচিত মেয়র এমদাদুল ইসলাম তুহিন বিজয়ের পর তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সোহেল আজিজ শাহিনের বাড়িতে মিষ্টি নিয়ে গিয়ে সৌহার্দপূর্ণ রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করলেন।
মঙ্গলবার সকালে তিনি দলীয় নেতাকর্মীসহ সোহেল আজিজ শাহিনের বাড়িতে মিষ্টি নিয়ে গেলে উভয় উভয়কে মিষ্টি খাইয়ে দেন। এ সময় বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী এমদাদুল ইসলাম তুহিন সকলকে নিয়ে লালমোহন পৌরসভার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বিএনপি প্রার্থী সোহেল আজিজ শাহিনও তাকে সব প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন।
উল্লেখ্য, মামলাজনিত কারণে দীর্ঘ ৯ বছর পর সোমবার লালমোহন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে এমদাদুল ইসলাম তুহিন ১১ হাজার ৩৬৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সোহেল আজিজ শাহিন পান ২ হাজার ৩০৪ ভোট।