মাগুরায় কবিগানের আসর

মাগুরা প্রতিনিধি

মাগুরার শ্রীপুরের বৈঠাখালী গ্রামে সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কবি গানের আসর। কবি গান পরিবেশন করেন বাগেরহাট জেলার রামপালের কবিয়াল  শ্যামল সরকার ও পৃথিস সরকার। পালটাপালটি যুক্তি, তর্ক ও গানে-গানে দুই কবিয়ালের লড়াইয়ে মধ্যে দিয়ে এ গান অনুষ্ঠিত হয়। হারমোনিয়াম, ঢোল, বাশি, বেহালাসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে আরো মনোমুগ্ধকর হয়ে উঠে। দূর-দূরান্ত থেকে আসা হাজার-হাজার দর্শক শ্রোতা এ গান উপভোগ করেন। দুইশত বছরের বেশি সময় ধরে বৈঠাখালী গ্রামে এ কবি গান অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছর লক্ষ্মীপূজার পরদিন উক্ত গ্রামের সুশান্ত বিশ্বাস গ্রামবাসীদের  সহযোগিতায় এ কবি গানের আয়োজন করে থাকেন। এ উপলক্ষ্যে  বৈঠাখালী গ্রামে বসে গ্রামীণ মেলা। মেলায় নানা ধরনের পণ্য উঠেছিল বিক্রির জন্য। হাজার হাজার মানুষের পদচারণায় কবিগান অনুষ্ঠানটি মখোরিত হয়ে উঠে।