স্পোর্টস ডেস্ক
লর্ডসে গেল বিশ্বকাপের ফাইনালটা ছিল অনেক নাটকীয়তায় ভরা। ওভার থ্রো নিয়ে জটিলতা শেষে দুই দল পাল্লা দিয়ে লড়াই করে ম্যাচটাকে সুপার ওভারে নিয়ে গিয়েছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। কিন্তু, সুপার ওভারেও সরাসরি কোনো ফল আসেনি। দুই দলের রান সমান হওয়ায় বাউন্ডারি সংখ্যায় এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।
যদিও, বিশ্বকাপ শেষে আইসিসির ভূতুড়ে সেই নিয়ম নিয়ে তর্কবিতর্ক কম হয়নি। স্বয়ং মেরিলিবোন ক্রিকেট ক্লাবও (এমসিসি) মন্তব্য করেছিল যে, এই নিয়মটা এখন পরিবর্তনের দাবি রাখে। এবার আইসিসিও সেই দাবি মেনে নিল। পরিবর্তন এলো আইসিসি ইভেন্টের সুপার ওভারের নিয়মে।
দুবাইয়ে গত সোমবার অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী কোনো ম্যাচ সুপার ওভারেও টাই হলে পরে আবারও সুপার ওভার আয়োজন করা হবে। ম্যাচের ফলাফল না আসা পর্যন্ত সুপার ওভার চলবে। ক্রিকেটের নিয়ন্ত্রক এই সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে কার্যনির্বাহী কমিটি ও ক্রিকেট কমিটি—দুই পক্ষই নতুন এই নিয়মে সম্মতি প্রকাশ করেছে।
এই নিয়ম করা হয়েছে শুধু ইভেন্টের সেমিফাইনাল ও ফাইনালে মানে নকআউট রাউন্ডের ম্যাচের জন্য। এর অর্থ, ভবিষ্যতে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসরে বা আইসিসির কোনো টুর্নামেন্টের বাছাইপর্বে সুপার ওভার টাই হলে মাঠে গড়াবে একাধিক সুপার ওভার। মানে যতক্ষণ অবধি কোনো দল এগিয়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া চলতেইই থাকবে। তবে কোনো টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচে সুপার ওভারের পর ম্যাচ টাই হলে সে ম্যাচ ড্র বলেই গণ্য হবে।
নিয়ম পালটালেও আইসিসিকে এখনো যথেষ্ট কটাক্ষ হজম করতে হয়েছে। সবচেয়ে বড়ো খোঁচাটা দিয়েছিলেন জিমি নিশাম। বিশ্বকাপ ফাইনালের সুপার ওভারে নিউজিল্যান্ডের হয়ে তিনিই ব্যাট চালিয়েছেন। তিনি টুইটারে লিখেছেন, ‘পরবর্তী জরুরি সিদ্ধান্ত : টাইটানিক জাহাজের জন্য ভালো দুরবিন দেওয়া, যাতে ভালো করে বরফপিণ্ড করে দেখা যায়!’