কাজী জহিরুল ইসলামের একক বইমেলা

বিশ্বসাহিত্য কেন্দ্রে কাজী জহিরুল ইসলামের একক বইমেলা চলছে। গত শনিবার এই বইমেলার উদ্বোধন করেন ভাষাসৈনিক আহমদ রফিক। অনুষ্ঠানে কবির নতুন কাব্যগ্রন্থ ‘একালে কাকতলাতে বেল’ গ্রন্থেরও মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে কবির কবিতা থেকে আবৃত্তি করেন রূপা চক্রবর্তী, আহকাম উল্লাহ, নাজমুল আহসান, আব্দুস সবুর খান চৌধুরী এবং প্রান্তিক হোসাইন। কাজী জহিরুল ইসলামের বিভিন্ন গ্রন্থের ওপর আলোচনা করেন কাজী রোজী, জাহিদুল হক, ফরিদ কবির, মারুফুল ইসলাম, রহিমা আখতার কল্পনা প্রমুখ। অনুষ্ঠানে লেখকের পরিচিতি উপস্থাপন করেন জাঁ-নেসার ওসমান। সভাপতিত্ব করেন আয়োজক সংস্থা স্কলারস পাবলিশার্সের সিইও এম ই চৌধুরী শামীম।

প্রধান অতিথির বক্তব্যে আহমদ রফিক বলেন, কাজী জহিরুল ইসলাম একজন গুণী লেখক, আমি বিস্মিত হয়েছি জেনে যে তিনি মাত্র ৫১ বছর বয়সে ৬১টি গ্রন্থের জনক। নিজের লেখা ছাড়াও তিনি বাঙালি কবিদের ইংরেজি কবিতার অ্যান্থোলজি আন্ডার দ্য ব্লু রুফ সম্পাদনা করছেন যা প্রকাশিত হচ্ছে আমাজনের মতো একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানেও।

কাজী জহিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, নগ্ন সত্যকে চেনার এবং অন্যকে চেনানোর দায়িত্ব লেখকদের। আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছি। প্রাপ্তির প্রত্যাশা বা হারানোর ভয় আমাকে দুর্বল করতে পারবে না।—প্রেস বিজ্ঞপ্তি