রামগঞ্জে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত এক

রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা

লক্ষ্মীপুরের রামগঞ্জে সিঁধ কেটে চুরি করার সময় হাতেনাতে ধরা পড়ে নজরুল ইসলাম (৪০) নামে এক যুবক। পরে উত্সুক জনতার গণপিটুনিতে সে নিহত হয়েছে। মঙ্গলবার ভোররাতে রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের জগত্পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নজরুল স্থানীয় জগত্পুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানায়, জগত্পুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে নজরুল চুরি করার উদ্দেশ্যে স্থানীয় মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমানের ঘরের সিঁধ কেটে ঢোকে। টের পেয়ে মোস্তাফিজ তাকে ধরে চিত্কার দেন। ধস্তাধস্তির মাঝে মোস্তাফিজের শরীরের বিভিন্ন স্থানে একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে নজরুল। পরে খবর পেয়ে আশপাশের উত্সুক জনতা এসে তাকে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত হয় নজরুল। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর চিকিত্সাধীন অবস্থায় নজরুল মারা যায়।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার স্পিনা রানী প্রামানিক ও রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর হসপিটাল মর্গে প্রেরণ করেছে।