রাজনীতিতে কল্যাণমুখী কিছু না থাকায় রাজনীতিবিদদের প্রতি শ্রদ্ধা হারাচ্ছে —পঙ্কজ ভট্টাচার্য

নরসিংদী প্রতিনিধি

ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেছেন, রাজনীতিতে কল্যাণমুখী কিছু নেই বলেই মানুষ রাজনীতিবিদদের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলেছে। দিনে দিনে দানব পয়দার রাজনীতি জনগণ আর চায় না। দানবদের পৃষ্ঠপোষক রাঘববোয়ালদের শাস্তি চাই—শুধু দানব হয়ে ওঠাদের শাস্তি নয়। গতকাল মঙ্গলবার নরসিংদীর শিবপুর উপজেলার জাঙ্গালিয়া বাজারে শিবপুর উপজেলা ঐক্য ন্যাপের অফিস উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। শিবপুর উপজেলা ঐক্য ন্যাপের সভাপতি খগেন্দ্র চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা, জেলা ঐক্য ন্যাপের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ মো. আতাউর রহমান ভুঁইয়া, ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী নরসিংদী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর শহীদুল্লাহ বাহার, জেলা ঐক্য ন্যাপের সভাপতি শহীদুল্লাহ খন্দকার, ন্যাপ নেতা চিত্তরঞ্জন সাহা, আফছার উদ্দিন, ন্যাপ নেতা নাসির উদ্দিন, চাঁন মিয়া মাষ্টার, মাজহারুল হক ভুঁইয়া, কাজী আব্দুস ছাত্তার, বাসদ নেতা অ্যাডভোকেট মোবারক হোসেন, সুভাষ সাহা, মহব্বত আলী, স্বপন মোদক প্রমুখ বক্তব্য রাখেন।