শ্রীনগরে বিক্ষোভ থেকে ফারুক আবদুল্লাহর মেয়ে ও বোন আটক

কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক হয়েছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহর বোন সুরাইয়া আবদুল্লাহ এবং মেয়ে সাফইয়া আবদুল্লাহ খান। তারা ছাড়াও আটক হয়েছেন জম্মু-কাশ্মীর হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি বশির আহমেদ খানের স্ত্রী হাওয়া বশির। গতকাল দুপুরে ৩৭০ ধারা বিলোপের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শ্রীনগরের লাল চওকে একত্র হয়েছিলেন উপত্যকার সম্ভ্রান্ত ঘরের নারীরা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ও ডিবি পোস্টের

আগে থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল ওই এলাকায়। নারীদের বিক্ষোভ মিছিল শুরু হতেই পুলিশ বাধা দেয়। সুরাইয়া, সাফিয়া, হাওয়া ছাড়া অন্তত ১২ জন মহিলাকে আটক করে স্থানীয় থানায় নিয়ে যায় পুলিশ। গাড়িতে তোলার আগে সুরাইয়া আবদুল্লাহ সাংবাদিকদের উদ্দেশে বলেন, ৫ আগস্ট আমাদের ঘরে বন্ধ করে দেওয়া হলো। তারপর ৩৭০ ধারা বিলোপ করা হলো। এটা সমঝোতার বিয়ে যা কার্যকর হবে না।’ তাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারী নারীরা। তাদের অভিযোগ, কাশ্মীরবাসীকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তাদের সঙ্গে সরকার প্রতারণা করছে। নারীরা আটক ও গৃহবন্দি সবার মুক্তি দাবি করেন। ফারুক আবদুল্লাহ এবং তার ছেলে ওমর আবদুল্লাহ ইতিমধ্যে গৃহবন্দি।