আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়া মুক্তি পাবেন না :মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আইনের প্রক্রিয়ায় কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়। সরকার তাকে জামিন দিতে দেবে না। আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়া মুক্তি পাবেন।

গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বিশদলীয় জোট আয়োজিত বুয়েটের ছাত্র আবরার ফাহাদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এতে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, যেহেতু এই সরকার জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত নয়, তাই জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিও নেই। তাই দেশে এমন লাগামহীন দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজি হচ্ছে। তিনি বলেন, ‘প্যারোলে নয়, রাজপথে আন্দোলনে মাধ্যমে বেগম জিয়ার মুক্তি হবে এবং এই মুক্তি আমাদের আনতে হবে। এটা সময়ের ব্যাপার।’

আবরার ফাহাদকে স্মরণ করে মওদুদ বলেন, ফাহাদ জীবন দিয়ে প্রমাণ করে গেছে, ভিন্নমত প্রকাশ করা হলে এই সরকারের আমলে মৃত্যুও হতে পারে। ফাহাদ জান্নাতবাসী হবে। শুধু বুয়েট নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ের হলেই ছাত্রলীগের টর্চার সেল রয়েছে।

প্যানেলে মুক্তি নিয়ে দলের সঙ্গে

একটি দালাল শ্রেণি রয়েছে

সভাপতির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘প্যারোলে মুক্তি নিয়ে খালেদা জিয়া বের হবেন কেন? খালেদা জিয়ার প্যারোলে মুক্তির পক্ষে দলের ভেতর একটা দালাল শ্রেণি আছে। এই দালালেরা প্যারোলে খালেদা জিয়ার মুক্তি চেয়ে সমঝোতা করতে চায়।’

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার, নির্বাহী পরিষদের সদস্য মওলানা আব্দুল হালিম, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্যজোটের সভাপতি মওলানা আব্দুর রকিব, জাপার সাধারণ সম্পাদক খন্দকার লুত্ফর রহমান, ন্যাপ ভাসানীর সভাপতি অ্যাডভোকেট আজহারুল ইসলাম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ ইহসানুল হুদা, ডেমোক্রেটিক লীগের মহাসচিব সাইফুদ্দিন আহমেদ মনি, জমিয়তে ওলামায়ে ইসলামের মহাসচিব মওলানা মহিউদ্দিন ইকরাম, এনডিপির সভাপতি ক্বারি মো. আবু তাহের, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব জুলফিকার বুলবুল চৌধুরী, বাংলাদেশ ন্যাপ সভাপতি এম এম শাওন সাদেকী প্রমুখ সভায় বক্তব্য রাখেন।