ফরিদপুরে নিজ বাড়িতে ঝর্ণা মণ্ডল (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সদর উপজেলার সম্প্রসারিত ফরিদপুর পৌরসভার পশ্চিম গঙ্গাবর্দী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ঝর্ণা ঐ গ্রামের দুলাল মণ্ডলের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের মা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, তাদের ছেলে কৃষ্ণ মণ্ডল পড়াশুনার পাশাপাশি বাবার সঙ্গে কাজ করত। মেয়ে বন্যা মামাবাড়িতে ছিল। বাড়িতে ঝর্ণা একাই ছিলেন।
ঐ এলাকার বাসিন্দা কাদের মোল্লা জানান, দুলাল ও তার পরিবারের সদস্যরা নিরীহ প্রকৃতির। ২০ বছর আগে নদীভাঙনের শিকার হয়ে এই পরিবারের সদস্যরা পশ্চিম গঙ্গাবর্দী এলাকায় জমি কিনে বসবাস করে আসছেন। তাদের কোনো শত্রু আছে বলে কখনো শোনা যায়নি।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, দুলাল রাজমিস্ত্রির কাজ করেন। সকালে স্বামী ও ছেলে কাজে যাওয়ার পর কোনো এক সময়ে ধারাল অস্ত্র দিয়ে ঐ গৃহবধূর মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে হত্যা করা হয়। তিনি বলেন, বসতবাড়ির যে ঘরে এ হত্যাকাণ্ড ঘটে সেটির দরজা খোলাই ছিল। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।