শিক্ষক ও কলেজছাত্রসহ সড়কে ঝরল ১১ প্রাণ

গাজীপুরে এক কলেজছাত্র, চট্টগ্রামে এক স্কুলশিক্ষকসহ গত সোমবার সন্ধ্যা থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। ইত্তেফাক রিপোর্টার, ব্যুরো অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

গাজীপুর :টঙ্গীর মিলগেট বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় গতকাল এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় ছাত্ররা দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। নিহত হাবিব খান (১৮) মিলগেট নামাবাজার এলাকার ব্যবসায়ী সেলিম খানের ছেলে এবং টঙ্গী সিটি কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র। টঙ্গী পশ্চিম থানার ওসি মো. এমদাদ হোসেন জানান, সকাল ৮টার দিকে হাবিব খান ভিআইপি ২৭ পরিবহনের একটি বাসের দরজায় ঝুলে কলেজে যাচ্ছিলেন। এ সময় গাজীপুরগামী বলাকা পরিবহনের অপর একটি বাসের ধাক্কায় তিনি মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। পরিস্থিতি শান্ত হলে বেলা ৩টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

সাভার :সাভারের আশুলিয়ায় বালুভর্তি ট্রাকচাপায় গোলাম রব্বানী (৩৫) নামের এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। গতকাল সকালে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রব্বানী আশুলিয়ার ডিইপিজেড এলাকার ইয়াং ওয়ান গার্মেন্টসে কর্মরত ছিলেন।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) :সোনারগাঁওয়ে কাভার্ড ভ্যানের চাপায় কাঁচপুর ইউনিয়নের ললাটি গ্রামের নুরু মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ললাটি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম :চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে আনোয়ারা পিএবি সড়কের চেয়ারম্যানঘাটা এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই জন নিহত ও তিন জন আহত হয়েছেন। নিহতরা হলেন ফেনীর সোনাগাজী এলাকার হাফিজ ইব্রাহিমের পুত্র মো. ঈসরাফিল (৩৫) ও পটিয়া এলাকার অরবিন্দ নাথের পুত্র সুভাষ নাথ (৫৫)। আহত অটোরিকশাচালক জাহেদুল ইসলামের অবস্থা অশঙ্কাজনক। একই দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ছোট কমলদহ বাইপাস এলাকায় প্রাইভেট কারের চাপায় মো. আবুল হোসেন (৫৮) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি মিরসরাইয়ের মাজেদা হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

বরিশাল :নগরীর সিঅ্যান্ডবি রোডের কাজীপাড়া মোড়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বিআরটিসির ডাবল ডেকার বাস ও মাহেন্দ্রার (থ্রি হুইলার) মুখোমুখি সংঘর্ষে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে এক বৃদ্ধ এবং হাসপাতালে নেওয়ার পথে আরেক জন নিহত হয়েছেন। তারা হলেন ঝালকাঠির আব্দুল খালেক (৬০) ও পিরোজপুরের নিপা মিস্ত্রি (২৬)। ট্রাফিক সার্জেন্ট কামরুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত যাত্রী শাকিল আহমেদ, ফয়সাল, হূদয়, ইলিয়াস, রাজিব ও অজ্ঞাতনামা এক যুবককে শেবাচিমে ভর্তি করা হয়েছে।

আগৈলঝাড়া (বরিশাল) :অবৈধ নছিমন ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পশ্চিম বাকাল গ্রামের সিরাজ ফকির নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল উপজেলার নওপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বাসাইল (টাঙ্গাইল) :বাসাইলে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী সখীপুরের বেড়বাড়ী গ্রামের রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বাসাইল-সখীপুর সড়কের হান্দুলিপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ :হবিগঞ্জে গত সোমবার ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের ওলিপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুবেল মিয়া (৩৫) নামের এক আরোহী নিহত হন। রুবেল মিয়া মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামের আনোয়ার আলীর পুত্র। আহত অপর ব্যক্তিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দিকে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই আইনজীবী আহত হয়েছেন। তারা হলেন জসিম উদ্দিন ও সামিউল।