দেবহাটা উপজেলায় প্রেমিকাকে বাড়িতে ডেকে বন্ধুদের নিয়ে গণধর্ষণ করার ঘটনায় প্রেমিকসহ দুই ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার গোবরাখালী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো উপজেলার গোবরাখালী গ্রামের আছাফুর সরদারের ছেলে প্রেমিক আবু সুফিয়ান ও একই গ্রামের শিক্ষক মোশারফের ছেলে জিল্লুর রহমান। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জল কুমার মৈত্র বলেন, আবু সুফিয়ান এবং ঐ কিশোরীর মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। গত শনিবার বিয়ের কথা বলে মেয়েটিকে আবু সুফিয়ান তার বাড়িতে ডেকে নিয়ে যায়। বাড়িতে নিয়ে বন্ধুরা মিলে মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে। তিনি জানান, ঐ দিনই বিয়ে করবে বলে মেয়েটিকে ফুঁসলিয়ে ডেকে নিয়ে যায় সুফিয়ান। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে দেবহাটা থানায় একটি মামলা করেন। তিনি আরো জানান, ইতিমধ্যে আবু সুফিয়ান ও জিল্লুরকে গ্রেফতার করা হয়েছে। অপর দুই আসামিকেও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।