রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্প এলাকায় বালিশ ও আসবাবপত্র ক্রয়ের দুর্নীতির সঙ্গে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রকৌশলী মাসুদুল আলমসহ গণপূর্ত অধিদপ্তরের ১৬ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার হাইকোর্টে দাখিল করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন—মো. শফিকুল ইসলাম, মো. আবু সাঈদ, মো. শাহিন উদ্দিন, মো. জাহিদুল কবীর, মো. রফিকুজ্জামান, সুমন কুমার নন্দী, মো. ফজলে হক, মো. রওশন আলী, মো. আমিনুল ইসলাম, মো. রুবেল হোসাইন, মো. তারেক, আহম্মেদ সাজ্জাদ খান, মো. মোস্তফা কামাল, মো. তাহাজ্জুদ হোসেন ও এ কে এম জিল্লুর রহমান।
এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, অস্বাভাবিক ব্যয় করার বিষয়ে তদন্তে প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় গণপূর্ত অধিদপ্তরের ১৬ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া যাচাই-বাছাই ও বিল প্রদানের সঙ্গে জড়িত ১৪ জন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে অবসর সুবিধা ভোগকারী গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শফিকুর রহমান রয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।