বিনোদন রিপোর্ট
রাজধানীর মহাখালীতে সেনা কল্যাণ সংস্থার নবনির্মিত এসকেএস টাওয়ারের নতুন সিনেপ্লেক্সে রবিবার থেকে সিনেমা দেখা যাবে। এটি স্টার সিনেপ্লেক্সের তৃতীয় শাখা। ১৯ অক্টোবর সন্ধ্যায় তারকাখচিত আয়োজনের মধ্যে সিনেপ্লেক্সটি উদ্বোধন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন ও মিডিয়া) মেজবাহ উদ্দিন আহমেদ।
ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘সম্প্রতি বেশ কয়েকটি সিনেমা হল বন্ধ হলো। কিন্তু আমরা ঢাকায় আরেকটি মাল্টিপ্লেক্স সিনেমা হল চালু করতে যাচ্ছি। রাজধানীর গুলশান, বনানী, বাড্ডা, মহাখালী, রামপুরাসহ ঢাকা উত্তরের এই এলাকার দর্শকদের জন্য নতুন মাল্টিপ্লেক্সটি নির্মাণে উদ্যোগ নেওয়া হয়েছিল। অনেকদিন থেকে এই এলাকার দর্শকদের একটি মাল্টিপ্লেক্সের চাহিদা ছিল। এখানে নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তি সংবলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে হলগুলো নির্মিত হয়েছে।’
তিনি জানান, তিন ক্যাটাগরির আসন বিন্যাস থাকছে হলগুলোতে। রেগুলার চেয়ারের পাশাপাশি নতুন সংযোজন হচ্ছে লাউঞ্জার এবং সেমি রিক্লাইনার ক্যাটাগরি। বিলাসবহুল এসব ক্যাটাগরিতে দর্শকরা আরো আয়েশে সিনেমা উপভোগ করতে পারবেন। এর আগে ধানমন্ডির সীমান্ত সম্ভার (প্রাক্তন রাইফেলস স্কয়ার)-এ দ্বিতীয় শাখা চালু হয় মাল্টিপ্লেক্সটির।