আর কত বিরতি নেবেন দীপিকা?

বিনোদন ডেস্ক

 

পদ্মাবত সিনেমা মুক্তির সময় উত্তাল হয়ে ওঠে পুরো ভারত। রানি পদ্মাবতীর চরিত্র নিয়ে সিনেমা করায় পরিচালক সঞ্জয় লীলা বনশালি ও দীপিকাকে তীব্র রোষের মুখেও পড়তে হয়। কিন্তু অনেক কষ্টে সিনেমাটি মুক্তির পর দর্শকদের মনে দাগ কেটে যায় দীপিকার অভিনয়। সবাই অপেক্ষা করছিলেন, সুপারহিট এই সিনেমার পর কোন চরিত্রে দেখা যাবে দীপিকাকে। কিন্তু অবাক করা বিষয়, এরপর তিনি কোনো সিনেমায় কাজই করেননি!

দীপিকা এখন পরিবার নিয়ে ব্যস্ত। সিনেমায় কবে ফিরবেন সেটা এখনো জানাননি। তবে দীপিকা জানিয়েছেন, দিওয়ালি উত্সবের কারণেও তিনি চলচ্চিত্র থেকে দূরে থাকবেন। এ সময়টা তিনি কাটাবেন পরিবারের সঙ্গে। সে কারণে অনেকটা ধারণা করা যাচ্ছে, ‘ছাপ্পাক’ সিনেমার কাজ আগামী বছরই শুরু হবে।

জানা গেছে, ছাপ্পাক-এর গল্প অ্যাসিড আক্রমণ থেকে বেঁচে যাওয়া এক নারীকে ঘিরে। এটি পরিচালনা করবেন মেঘনা গুলজার। আগামী বছরের জানুয়ারিতে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। কিন্তু দীপিকা তার প্রত্যাবর্তনের ছবি হিসেবে আরো এক নতুন গল্পের সঙ্গে যুক্ত হওয়ার কথা বলেছেন। কিন্তু এখনই তিনি পুরো রহস্য ভাঙেননি। দীপিকা বলেন, ‘আমি নতুন একটা ছবি পেয়েছি, তার কাজ শুরু করবো আগামী বছরের শুরুর দিকে। এটা একটু ডার্ক ধরনের ছবি, তবে রোমান্টিক জোনেই আছে।’

এদিকে বিয়ের পর এটাই প্রথম দীপাবলি বলিউড তারকা দীপিকা পাডুকোন ও রণবীর সিংহের। তারা কীভাবে এই উত্সব পালনের পরিকল্পনা করছেন? এক সাক্ষাত্কারে এ বিষয়ে প্রশ্নের জবাবে দীপিকা বলেন, ‘আমরা পরিবারের সঙ্গে সময় কাটানোকে বিশেষ গুরুত্ব দিই। দীপাবলির সময়ও বাবা-মা, বোনের সঙ্গে থাকবো। এছাড়া বিশেষ কোনো পরিকল্পনা নেই।’

রণবীরের পোশাকের বিষয়ে এক প্রশ্নের জবাবে দীপিকা বলেন, ‘ও যখন আমার বাবা-মায়ের সঙ্গে থাকে তখন পছন্দমতো পোশাক পরতে পারে। কিন্তু ও যদি পাডুকোন পরিবারের কোনো অনুষ্ঠানে হাজির হয় তাহলে আমাদের নিয়ম অনুযায়ী পোশাক পরতে হবে। সেই পোশাক হল কালো প্যান্ট, নীল রঙের জিন্স, সাদা শার্ট, গোল গলা টি-শার্ট।’