গোপনে ইরানে সাইবার হামলা চালায় যুক্তরাষ্ট্র

রয়টার্স

ইরানের বিরুদ্ধে গোপনে সাইবার হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। গত ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের দুইটি তেল স্থাপনায় হামলার পর পালটা ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নেয় মার্কিন কর্তৃপক্ষ।

রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে  দৃশ্যমান উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা না নিলেও সেপ্টেম্বরেই দেশটিকে সাইবার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করে ওয়াশিংটন। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ঐ সাইবার হামলার মধ্য দিয়ে ইরানের প্রপাগাণ্ডা ছড়ানোর সক্ষমতা যাচাই করতে চেয়েছিল ওয়াশিংটন। একজন কর্মকর্তা জানান, ঐ হামলায় তেহরানের বিভিন্ন ‘হার্ডওয়্যার’ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ব্যাপারে আর বিস্তারিত কিছু জানাতে রাজি হননি তিনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি হামলা ঠেকাতে বৃহত্তর সংঘাতে না জড়িয়ে ট্রাম্প প্রশাসন কীভাবে বিষয়টি মোকাবিলা করতে চায়, এ সাইবার হামলার মধ্য দিয়ে তার একটি ধারণা পাওয়া গেলো। এর আগ গত জুনে যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করার পরও ইরানের বিরুদ্ধে সাইবার হামলা চালায় ওয়াশিংটন। তবে সেটির তীব্রতা সাম্প্রতিক এ হামলার চেয়ে বেশি ছিল।

গত ১৪ সেপ্টেম্বর সৌদি তেল স্থাপনায় হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। তবে ইরান এ অভিযোগ প্রত্যাখ্যান করে। হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের ইরান সমর্থিত শিয়াপন্থি হুথি বিদ্রোহীরা। ঐ হামলায় সৌদি আরবের তেল উত্পাদন অর্ধেকে নেমে এসেছিল।