মেঘনার চরাঞ্চলে ইলিশের হাট!

নিষেধাজ্ঞা ৯ থেকে ৩০ অক্টোবর

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকলেও শুধু রাতে নয়, দিনেও মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর পশ্চিম পাড়ে নিয়মিত বসছে জমজমাট ইলিশের হাট।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার মেঘনা নদীর পশ্চিম পাড়ের দক্ষিণ বোরচরে মা ইলিশের আড়তগুলো সবচেয়ে জমজমাট। চরউমেদের নদীর পাড়েও মা ইলিশের আড়ত রয়েছে। এই দুই অঞ্চলের আড়তে দিনে-রাতে কোটি টাকার ওপরে বেচাকেনা হয় বলে নাম প্রকাশ না করার শর্তে জানান কয়েকজন আড়তদার। আর এসব আড়ত বা হাটে বেচা-কেনা হচ্ছে উত্সবমুখর পরিবেশে। পাইকারি ছাড়া এখানে কোনো রকমের খুচরা বিক্রি হয় না। নৌপথে এখানকার মা ইলিশ যাচ্ছে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে।

উপজেলা মত্স্য কর্মকর্তা শাখাওয়াত হোসেন বলেন, উপজেলার ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত এতো বিশাল অঞ্চল ২২ দিন দেখাশুনার জন্য সরকারি বরাদ্দ খুবই কম। তারপরেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আগে কোস্টগার্ড থাকলেও আমার উপজেলায় এবার কোস্টগার্ডের কোনো ক্যাম্প নেই।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা টাক্সফোর্সের সভাপতি শারমিন আক্তার জানান, মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত রয়েছে।

মুলাদী (বরিশাল) সংবাদদাতা জানান, মুলাদী উপজেলার জয়ন্তী ও আড়িয়ালখাঁ নদীতে দুই শতাধিক নৌকা প্রতিনিয়ত মা ইলিশ শিকার করছে।

উপজেলার সফিপুর ইউনিয়নের সফিপুর খেয়াঘাট এলাকার বাসিন্দা আব্দুল জব্বার চৌকিদার জানান, কয়েকদিন আগে উপজেলা প্রশাসন ও মত্স্য অফিস জয়ন্তী নদীতে অভিযান চালিয়ে তিন জনকে আটক করে। ঐদিনই ভোররাতের দিকে প্রশাসনের লোকজন না থাকায় স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় চরমালিয়া, ষোলঘর, ভেদুরিয়া, ব্রজমোহন, চরবাটামারাসহ কয়েকটি গ্রামের দুই শতাধিক নৌকা জয়ন্তী নদীতে ইলিশ শিকার শুরু করে। নিয়মিত জেলেদের সঙ্গে মৌসুমী জেলেরা যোগ হয়ে মহাউত্সবে ইলিশ শিকার করছে।

চরকালেখান গ্রামের রবিউল আলম ভুঁইয়া জানান, জেলেদের ধরা এসব ইলিশ বাজারে বিক্রি করতে যেতে হয় না। উত্সুক ক্রেতারা ব্যাগ ও বস্তা নিয়ে নদীর পাড়ে অপেক্ষা করতে থাকে। আর জেলেরা নদীর পাড়ে বসেই ক্রেতাদের কাছে অপেক্ষাকৃত কম মূল্যে ইলিশ বিক্রি করছে।

উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা অপু সাহা বলেন, মা ইলিশ রক্ষার অভিযান চলাকালীন একজনকে এক বছরের কারাদণ্ড ও দুই জনকে জরিমানা করা হয়েছে। এছাড়া আরো তিন জন আটক রয়েছে, যাদেরকে আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হবে।

উল্লেখ্য, ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।