বশেমুরবিপ্রবিতে প্রতি আসনে লড়বে ৪৮ জন

বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) সংবাদদাতা

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য প্রায় ৪৮ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। ২ হাজার ৭৪৫টি আসনের বিপরীতে এবছর ১ লাখ ৩১ হাজার ১১২ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

গত ৫ সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলে ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। এবছর ৯টি ইউনিটের অধীনে ৩৪টি বিভাগের মূল আসনে ২ হাজার ৭৪৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

এর মধ্যে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেন ‘এ’ ইউনিটে ২২ হাজার ৩৩১ জন, ‘বি’ ইউনিটে ১২ হাজার ৯৯৯ জন, ‘সি’ ইউনিটে ২১ হাজার ১১৫ জন, ‘ডি’ ইউনিটে ১৪ হাজার ৯৭৭ জন, ‘ই’ ইউনিটে ২৫ হাজার ৫৫৪ জন, ‘এফ’ ইউনিটে ১১ হাজার ৩৩২ জন, ‘জি’ ইউনিটে ১২ হাজার ৬৪২ জন, ‘এইচ’ ইউনিটে ৯ হাজার ২৯৩ জন, ‘আই’ ইউনিটে ৮৬৯ জন শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যথাক্রমে ‘এফ’ এবং ‘জি’ ইউনিটের ১ নভেম্বর। ‘ডি’ এবং ‘ই’ ইউনিটের ২ নভেম্বর। ‘সি’ এবং ‘এইচ’ ইউনিটের ৮ নভেম্বর। ‘এ’, ‘বি’ এবং ‘আই’ ইউনিটের ৯ নভেম্বর।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.bsmrstu.edu.bd - এ জানা যাবে।