জবি সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
উপাচার্য বলেন, নৃ-বিজ্ঞানের গবেষণা মানুষকে সহিষ্ণু করতে সাহায্য করতে পারে। অন্য জাতির লোক কেন সাংস্কৃতিক ও দৈহিক দিক থেকে আলাদা আচরণ করে, নৃ-বিজ্ঞান তার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয়। যেসব সাংস্কৃতিক রীতিনীতি ও কাজকর্ম আমাদের কাছে ভুল বা অশোভন মনে হতে পারে, সেগুলো হয়ত বিশেষ পরিবেশগত বা সামাজিক অবস্থার জন্য অভিযোজনের ফসল। বাংলাদেশেও এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নৃ-বিজ্ঞান হচ্ছে মানুষ সম্পর্কিত বিজ্ঞান ও সংস্কৃতির গবেষণা। বিশ্বের সর্বত্র ছড়িয়ে থাকা মানুষের সমাজ-সংস্কৃতি নিয়ে গবেষণা করাই নৃ-বিজ্ঞানের কাজ। ভিন্ন ভিন্ন সমাজের মানুষ ও তাদের সব রকমের অভিজ্ঞতা নৃ-বিজ্ঞানীদের গবেষণার বিষয়। এতে নৃ-বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সানজিদা ফারহানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদা আক্তার খানম।