ইত্তেফাক রিপোর্ট
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ এলাকা থেকে আব্দুল ওয়াহাব ওরফে মোস্তাফিজুর ওরফে হাদীদ নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গতকাল বুধবার গ্রেফতার করেছে র্যাব-৩।
র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস বলেন, গোয়েন্দা তথ্যে র্যাব জানতে পারে, অতিসংগোপনে রাজধানীর জুরাইনে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একটি আপারেশনার সেল সংঘটিত হচ্ছে। তারা নিয়মিত বৈঠকে মিলিত হয়ে সংসদ নির্বাচনে নাশকতার পরিকল্পনা করছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, ২০১১ সালে আনসার আল ইসলামের আধাত্মিক নেতা জসীমুদ্দীন রহমানির আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি ওই দলে যোগ দেন। ২০১৩ সালে জসীমুদ্দীন গ্রেফতার হলে ওয়াহাব গোপনে সংগঠনের দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যান। দেশের বিভিন্ন স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র অপারেশনাল টিমে ভাগ হয়ে প্রত্যেকে লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করে থাকে আনসার আল ইসলাম। এরই ধারাবাহিকতায় জুরাইন ৭/৮ জন সদস্য নিয়ে আনসার আল ইসলামের অপারেশন সেল গঠন করে তারা।