বিবিসির ১০০ নারীর তালিকায় রোহিঙ্গা ক্রিকেটার জেসমিন

বিশ্বে চলতি বছরে আলোচনার কেন্দ্রে থাকা ১০০ নারীর তালিকায় স্থান পেয়েছেন নারী ক্রিকেটার জেসমিন আখতার। তিনি হচ্ছেন একজন রোহিঙ্গা নারী। বিবিসির খবরে বলা হয়, জেসমিনের জন্ম বাংলাদেশের এক রোহিঙ্গা শিবিরে। তার জন্মের কিছু আগেই তার বাবা মারা যান। জেসমিন যুক্তরাজ্যে যান একজন শরণার্থী হিসেবেই। মেখানে যাওয়ার পর ক্রিকেট খেলায় তিনি বিশেষ পারদর্শিতা দেখান। ব্র্যাডফোর্ড শহরে জেসমিন এবং তার বন্ধুরা মিলে এশীয় বংশোদ্ভূত মেয়েদের একটি ক্রিকেট দল গড়ে তোলেন। এ বছর একটি ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে প্রথম স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ নামে। সেবামূলক উদ্দেশ্যে চালু করা এই টুর্নামেন্টে ইংল্যান্ড দলের একজন খেলোয়াড় হিসেবে জেসমিনকে মনোনীত করা হয়। জেসমিন বলেন, মুক্ত মানুষ হিসেবে প্রতিটি নিঃশ্বাস আপনাকে আরো বেশি আনন্দ দেয়। সেই অনুভূতি কেমন তা আমি জানি।

এই তালিকায় আরো স্থান পেয়েছেন, মানবাধিকার কর্মী পারভীনা আহাঙ্গার। পারভীনাকে ডাকা হয় ভারতশাসিত কাশ্মীরের আয়রন ‘লেডি’ বলে। তালিকায় স্থান পেয়েছেন ইরানের অ্যাথলেট কিমিয়া আলিজাদেহ। তিনি হচ্ছেন প্রথম অলিম্পিক পদক জেতা ইরানি নারী। এ তালিকায় আছেন জলবায়ু পরিবর্তন রোধের আন্দোলনকারী সুইডেনের কিশোরী গ্রেটা থুনবার্গ। ঠাঁই পেয়েছেন রাশিয়ার দুর্নীতিবিরোধী কর্মী লিউবভ সোবোল এবং মার্কিন কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজও।