আওয়ামী লীগ মাঠ থেকে পালিয়ে যাওয়ার দল নয় ----------মোহাম্মদ নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, আওয়ামী লীগ মাঠ থেকে পালিয়ে যাবার দল নয়। মূলত বিএনপির এ রেকর্ড আছে। ফেনী পৌর বিএনপির এক নেতার গ্রেফতারের প্রতিবাদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া ‘জনগণের তাড়া খেয়ে পালানোর পথ পাবেন না’—এমন বিবৃতির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে মোহাম্মদ নাসিম আরো বলেন, জনগণের রায় নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করা হয়েছে। দেশে এখন শান্তিময় পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিএনপি-জামায়াতসৃষ্ট জঙ্গি দমন করা হয়েছে। যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষাসহ সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন তাদের ঈর্ষায় পরিণত হয়েছে। যারা নির্বাচনে পরাজিত, মাঠ থেকে পালিয়ে যায় তাদের দলের মহাসচিবের মুখ থেকে এমন কথা মানায় না।

গতকাল বুধবার বিকালে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পানি শোধনাগার প্রকল্প উদ্বোধন শেষে সাংবাদিকদের        প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ নাসিম আরো বলেন, আওয়ামী লীগ স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছে। জেল-জুলুম সহ্য করে আন্দোলনের মাঠে থেকেছে; কিন্তু কখনো মাঠ থেকে পালিয়ে যায়নি। নাসিম বলেন, সরকারের গঠনমূলক সমালোচনা করুন। আওয়ামী লীগ এটা চায়। কোনো অমর্যাদাকর অশালীন উক্তি একটি রাজনৈতিক দলের মহাসচিবের কাছে কাম্য নয়।

এ সময় সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মোহাম্মদ নাসিম সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বন্যায় ক্ষতিগ্রস্ত কাজিপুরের ৭৮ পরিবারকে ৩ কোটি ৯০ লাখ টাকা আর্থিক সাহায্য প্রদান করেন। এরপর উপজেলা পরিষদ আয়োজিত শহিদ এম মনসুর আলী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন এবং কিছু সময় খেলা দেখেন।