১৩ অক্টোবর দৈনিক ইত্তেফাকে ‘শীর্ষ সন্ত্রাসীর দেহরক্ষী থেকে শত কোটি টাকার মালিক রানা মোল্লা’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো হয়েছে। গতকাল পাঠানো প্রতিবাদে রানা মোল্লা বলেন, বিএনপির সাবেক দুই মন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে আমার কথা উল্লেখ করা হয়েছে—যা সঠিক নয়। বিএনপির শাসনামলে ২০০৩ সালে আমি খিলগাঁও থানা ছাত্রলীগের সহসভাপতি ছিলাম। পরবর্তী সময়ে পারিবারিক কারণে আমার গ্রামের বাড়ি কেরানীগঞ্জে ফিরে গিয়ে হযরতপুর ইউনিয়ন যুবলীগ ও পরে হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব গ্রহণ করি। অথচ প্রতিবেদনে আমাকে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। ১৯৯১ সালে আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ নিয়ে খালেদ মাহমুদ ভুঁইয়ার সঙ্গে আমার গোলাগুলি করার কথা উল্লেখ করা হয়েছে; কিন্তু আমি এ সময় সপ্তম শ্রেণির একজন ছাত্র। আহমদ কমিশনার হত্যা মামলার প্রাথমিক কিংবা ফাইনাল চার্জসিটের কোথাও আমার নাম অন্তর্ভুক্ত নাই। প্রতিবেদকের বক্তব্য: চলমান অভিযানে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের তথ্য, আইনশৃঙ্খলা বাহিনীর অনুসন্ধান ও বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে তথ্য-প্রমাণের ভিত্তিতে এ প্রতিবেদনটি করা হয়েছে।