মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ আরো তিন বছর ক্ষমতায় থাকার আশা প্রকাশ করেছেন। হাতে সময় কম থাকায় তিনি দৈনিক ১৮ ঘণ্টা কাজ করেন বলে জানিয়েছেন। অন্যদিকে আনোয়ার ইব্রাহিম সম্প্রতি এক সাক্ষাত্কারে আগামী মে মাসে ক্ষমতা গ্রহণের আশা করছেন। খবর ডয়চেভেলের
মাহাথির মোহাম্মদ (৯৪) ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। গত বছরের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনের আগে চার দলের সমন্বয়ে গঠিত ‘পাকাতান হারাপান’ জোটের প্রধান নির্বাচিত হন তিনি। এই জোটের আরেকটি দল ছিল আনোয়ার ইব্রাহিমের ‘পার্টি কেয়াদিলান রাকায়াত’। আনোয়ার ইব্রাহিম একসময় মাহাথির সরকারের উপপ্রধানমন্ত্রী ছিলেন। সমকামিতা ও দুর্নীতির অভিযোগ এনে মাহাথিরই তাকে কারাগারে পাঠিয়েছিলেন। প্রায় ছয় বছর কারাভোগ করেন তিনি। এরপর ২০১৫ সালে একই অভিযোগে আনোয়ার ইব্রাহিমকে আবারও কারাগারে পাঠিয়েছিলেন তত্কালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
২০১৮ সালে মাহাথির ক্ষমতা গ্রহণের পর ছাড়া পান আনোয়ার। নির্বাচনের আগে আনোয়ারের দলের সঙ্গে মিলে জোট গঠন করেছিলেন মাহাথির। আনোয়ার কারাগারে থাকায় নির্বাচনে জোট জয় পেলে মাহাথির প্রধানমন্ত্রী হবেন বলে অনানুষ্ঠানিক চুক্তি হয়েছিল। কথা ছিল মাহাথির প্রধানমন্ত্রী হলে আনোয়ারকে মুক্ত করবেন এবং দুই বছর পর তার হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। গত ১৮ সেপ্টেম্বর ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া সাক্ষাত্কারে আনোয়ার ইব্রাহিম আগামী মে মাসে প্রধানমন্ত্রী হওয়ার আশা প্রকাশ করেন। তবে আনোয়ারের এই বক্তব্যের সপ্তাহখানেক পর ‘ইউএস কাউন্সিল অন ফরেন রিলেশন্সের এক অনুষ্ঠানে মাহাথির আরো তিন বছর প্রধানমন্ত্রী থাকার আশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আগামী নির্বাচনের আগে পদত্যাগ করে অন্য প্রার্থীর জন্য রাস্তা তৈরির অঙ্গীকার করছি আমি। ফলে আমার হাতে হয়তো সর্বোচ্চ তিন বছর সময় আছে। তাই আমি দিনে ১৮ ঘণ্টা করে কাজ করছি। কারণ আমার বেশি সময় নেই।’ মালয়েশিয়ার পরবর্তী নির্বাচন হওয়ার কথা ২০২৩ সালে।
আনোয়ার ও মাহাথিরের এমন বক্তব্যের পর তাদের সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। তবে মাহাথির মোহাম্মদের গণমাধ্যম ও যোগাযোগবিষয়ক উপদেষ্টা কাদির জেসিন বলেছেন, নির্বাচনের আগে পাকাতান হারাপান জোটের নেতাদের মধ্যে পাঁচটি বিষয়ে ঐকমত্য হয়েছে। এর মধ্যে আনোয়ারের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়টিও রয়েছে। তবে কখন তা করা হবে, সে ব্যাপারে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি।