সংবিধান লঙ্ঘন করলে এদের ঘাড় ধরে বের করে দেওয়া উচিত:ড. কামাল

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে আগামী ২২ অক্টোবর বিকাল তিনটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। গতকাল বুধবার মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারে ফ্রন্টের এক বৈঠক শেষে এই কর্মসূচির কথা জানান গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।

সমাবেশের অনুমতি না দিলে জাতীয় ঐক্যফ্রন্ট কী করবে? এমন প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, সরকার আমাদের অনুমতি না দেওয়া মানে হচ্ছে সংবিধানকে লঙ্ঘন করা। সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে সভা-সমাবেশ করা, বক্তব্য রাখা মানুষের অধিকার। যদি এ ধরনের সংবিধান লঙ্ঘন করা শুরু করে আমি মনে করি দেশের মানুষের উচিত তাদেরকে (সরকারকে) ঘাড় ধরে বের করে দেওয়া। তিনি বলেন, অনুমতি না দিলেও আমাদের কাজ তো আমাদের করে যেতেই হবেই। তারা (সরকার) অনুমতি দেবে কী না, এটা তাদের বিষয়। অবস্থা বুঝে পরবর্তী করণীয় ঠিক করব।

এর আগে ড. রেজা কিবরিয়া বলেন, বিকাল তিনটায় জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে আয়োজিত সমাবেশে ঐক্যফ্রন্টের নেতারা উপস্থিত থাকবেন। দেশের সার্বিক বিষয়ে কথা বলবেন। সমাবেশে আমরা দেশের বিভিন্ন সমস্যা নিয়ে প্রস্তাব দেব। তিনি বলেন, আবরার হত্যার বিচারের দাবিতে দেশে-বিদেশে গণস্বাক্ষর সংগ্রহ করবে জাতীয় ঐক্যফ্রন্ট। কীভাবে সংগ্রহ করা হবে, তার বিস্তারিত জাতীয় ঐক্যফ্রন্ট ও জোটের শরিক দলের ওয়েবসাইটে জানানো হবে।

ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডি নেত্রী তানিয়া রব, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক ও  কেন্দ্রীয় নেতা মোশতাক হোসেন, বিকল্পধারার একাংশের চেয়ারম্যান ড. নুরুল আমিন ব্যাপারি প্রমুখ।