নোবেল জয়ী অভিজিতের কাছে মূল্যবান পরামর্শ নেবেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গের উন্নয়নে ভবিষ্যতে নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিত্ ব্যানার্জির মূল্যবান পরামর্শ নেব। তার মা-ও একজন অর্থনীতিবিদ। তাকেও আমাদের বিভিন্ন প্রকল্প ভাবনায় শরিক করব। তার পরামর্শ নেব। গতকাল বুধবার নোবেল জয়ী অভিজিতের মা নির্মলা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর একথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

তিনি বলেন, অভিজিত্ যখন কলকাতায় আসবেন, তার সময় অনুযায়ী তাকে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পে সামিল করার চেষ্টা করব। রাজ্যের শিক্ষা, কৃষি, গ্রামোন্নয়ন দফতরের বিভিন্ন প্রকল্পকে আরো ভালোভাবে কী করে রূপায়ণ করা যায়, সেই বিষয়ে তার সঙ্গে আলোচনা করব।

অক্টোবর মাসের শেষ দিকে কলকাতায় আসার কথা রয়েছে অভিজিতের। সেই সময় তার সঙ্গে দেখা করতে পারেন মমতা। ২০১১ পশ্চিমবঙ্গে ক্ষমতা এসে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের জন্য মেন্টর গ্রুপ তৈরি করেছিলেন মমতা ব্যানার্জি। সেই মেন্টর গ্রুপে অন্যতম সদস্য ছিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিত্।