প্রক্রিয়াজাত খাদ্য উত্পাদনে নারী উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

জীবনযাত্রার পরিবর্তন ও খাদ্যাভ্যাস পরিবর্তনের কারণে দ্রুত জনপ্রিয় হচ্ছে প্যাকেটজাত খাদ্য। আর প্রক্রিয়াজাত খাদ্য উত্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নারী উদ্যোক্তারা। জয়িতা ফাউন্ডেশনের বিজনেস ইনকিউবেশন সেন্টার নারী উদ্যোক্তাদের এ ধরনের খাদ্য উত্পাদনে উন্নত প্রশিক্ষণ প্রদান করবে যা দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা যাবে। গতকাল বুধবার গাজীপুরের জিরানীতে অবস্থিত শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা প্রশিক্ষণ একাডেমিতে বিজনেস ইনকিউবেশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি, বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক বদরুন নেসা প্রমুখ।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি বলেন, দেশে প্রক্রিয়াজাত খাদ্যের দ্রুত বিকাশ হচ্ছে। বাংলাদেশে প্রতি বছর যে ফল ও সবজি উত্পাদিত হয় তার ২০ থেকে ৩০ শতাংশ নষ্ট হয়। এ রকম কর্মসূচির ফলে নারী উদ্যোক্তারা অপচয় রোধ করে বাজারে উন্নত পুষ্টিগুণসম্পন্ন খাবার সরবরাহ করতে পারবে। এ সময় তিনি প্রশিক্ষণ একাডেমি ঘুরে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীদের কাজ দেখেন এবং তাদের সঙ্গে কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার বলেন, জয়িতা মানে জয়ী নারী। জয়িতার মাধ্যমে নারী উদ্যোক্তারা স্বাবলম্বী হবে এবং এ ধরনের প্রশিক্ষণ পুষ্টিকর ও নিরাপদ খাদ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।