সত্তর সালের মতো নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ১৯৭০ সালের মতো এবারের নির্বাচনে দেশে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। এবারের নির্বাচনে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না। উন্নয়নের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিজয় মানেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয়, জনগণের বিজয়।

গতকাল বুধবার বিকালে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের জামিরতা কলেজ মাঠে ১৪ দলের এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ জনসভার মধ্য দিয়ে মোহাম্মদ নাসিমের নেতৃত্বে কেন্দ্রীয় ১৪ দলের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার দ্বিতীয় জনসভা অনুষ্ঠিত হলো। জনসভায় হাজার হাজার মানুষের সমাগম ঘটে।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার ৬টি আসনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্য দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ জঙ্গিমুক্ত হয়েছে। বিদ্যুত্সহ অন্যান্য সমস্যার সমাধান হয়েছে। পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে চলছে। গ্রামের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। এই নির্বাচন আওয়ামী লীগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মোহাম্মদ নাসিম আরও বলেন, শুধু দেশের মানুষই নয়, উন্নয়নে বিস্মিত সারা বিশ্ব নেতারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চায়। আওয়ামী লীগ দেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে গেছে। গত ১০ বছরে দেশে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। তিনি বিশাল এ জনসভা থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাসিবুর রহমান স্বপনকে হাত উঁচিয়ে পরিচয় করে দিয়ে ভোট প্রার্থনা করেন।

জামিরতা কলেজ মাঠে  অনুষ্ঠিত এ বিশাল জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও পোরজোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম মুকুল। জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ১৪ দলের নেতা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, গণআজাদী লীগ সভাপতি এস কে শিকদার, বাসদ নেতা রেজাউর রশিদ খান, হাসিবুর রহমান স্বপন এমপি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, অ্যাডভোকেট আব্দুল হামিদ লাভলু, সাজ্জাদ হায়দার লিটন প্রমুখ।

সন্ধ্যার পর মোহাম্মদ নাসিম ১৪ দলের নেতাদের সঙ্গে নিয়ে শাহজাদপুর কলেজ মাঠে উপজেলা বণিক সমিতি আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন।