নির্বাচন পর্যবেক্ষণে থাকবেন ৩৫ হাজার দেশি পর্যবেক্ষক

প্রায় ৩৫ হাজার দেশি পর্যবেক্ষক একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন। নিবন্ধিত ১১৮টি পর্যবেক্ষক সংস্থার মধ্যে ৮১টি সংস্থা নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনে (ইসি) তালিকা পাঠিয়েছে। এর মধ্যে ইলেকশন ওয়ার্কিং গ্রুপের অধীনে ২২টি নিবন্ধিত সংস্থার ১৬ হাজার ৩৯৪ জন নির্বাচন পর্যবেক্ষণ করবেন। ৮১টি নিবন্ধিত সংস্থার ৩৪ হাজার ৬৭১ জন সারাদেশে পর্যবেক্ষণ করবেন। এর মধ্যে কেন্দ্রীয়ভাবে ১ হাজার ৫৬৭ জন পর্যবেক্ষণে থাকবেন। দেশি পর্যবেক্ষকদের এই তালিকা অনুমোদনের জন্য নির্বাচন কমিশনারদের কাছে পাঠানো হয়েছে। ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনগুলোর তুলনায় এবার দেশি পর্যবেক্ষকের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। তবে এখনো পর্যন্ত বিদেশি সংস্থাগুলোর তালিকা চূড়ান্ত করতে পারেনি কমিশন। এশিয়ান ফাউন্ডেশন, জাপান দূতাবাস, স্পেন, জার্মান, নেদারল্যান্ড, নরওয়ে দূতাবাস, ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেম (আইএফইএস), ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, দিপেন্দ্র ক্যান্ডেল ইনিশিয়েটিভ (ডিকেআই) থেকে দেড় শতাধিক পর্যবেক্ষক নিয়োগের আবেদন এসেছে।  নির্বাচন কমিশনের সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।