নির্বাচন বানচালের পরিকল্পনা করছে আওয়ামী লীগ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার আবারো ক্ষমতায় থাকার জন্য সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে, উসকানি দিচ্ছে ও হামলা পর্যন্ত করছে। যাতে সাধারণ ভোটাররা কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পারে। গতকাল বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল আরো বলেন, সকল দল যখন সরকার পতন করতে ঐক্যবদ্ধ হয়েছে, তখন নির্বাচন বানচাল করার জন্য পাঁয়তারা করছে আওয়ামী লীগ। লোকজনকে বলেছি কোনো উসকানিতে পা দেবেন না। আমরা নির্বাচনে যাব এবং শেষ মুহূর্ত পর্যন্ত দেখব। সরকার ইতিমধ্যে বিএনপির গণজোয়ারে হতাশ হয়ে পড়েছে। তাই দলীয় ও প্রশাসনকে ব্যবহার করে নির্বাচন বানচাল করার পরিকল্পনা করছে।

সদর উপজেলা ছাড়াও মাতৃগাঁও, মোহাম্মদপুর, নারগুণ, ছোট খোঁচাবাড়ি, খেরশাডাঙ্গী ও কাজিপাড়ায় গণসংযোগ করেন মির্জা ফখরুল। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, নারগুণ ইউপি চেয়ারম্যান পয়গাম আলী প্রমুখ। প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করছেন বিএনপির মহাসচিব।