তিন প্রার্থীসহ আহত অর্ধশতাদিক

বিভিন্নস্থানে নির্বাচনী প্রচারণায় সংঘর্ষে গতকাল বুধবার তিন প্রার্থীসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। ব্যুরো অফিস, স্টাফ রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

কচুয়া (চাঁদপুর): কচুয়ায় বিএনপির প্রার্থী মোশারফ হোসেনের গাড়ি বহরে প্রতিপক্ষের হামলায় পাঁচটি গাড়ি ভাঙচুর ও প্রার্থীসহ বিএনপির অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল উপজেলার পাথৈর ইউনিয়নে গনসংযোগ শেষে উজানী পীর সাহেবের মাজার জিয়ারতের উদ্দেশে আসার পথে সাচার বাজার এলাকায় যুবলীগ ও ছাত্রলীগ নামধারী কতিপয় উশৃংখল যুবক এ হামলা চালায়। উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবীর প্রধান ও বিএনপি নেতা এমদাদুল হক বলেন- উপজেলা যুবলীগ নেতা ডালিম ও রবি উল্লাহ রবু এবং ছাত্রলীগ নেতা সালাউদ্দিন সরকার ও সাদ্দাম বুশের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের ২০/২৫ জন নেতা-কর্মী এ হামলা চালায়। তারা তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাগেরহাট: জেলায় দু’টি আসনে গতকাল ধানের শীষের প্রার্থীদের গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। বাগেরহাট- ৪ আসনে সকালে মোরেলগঞ্জে গণসংযোগকালে হামলায় ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম ও তার তিন কর্মী আহত হন।

খুলনা: খুলনায় ছাত্রলীগের হামলায় ইসলামী আন্দোলনের গণসংযোগের সময় প্রার্থীসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় প্লাটিনাম জুবিলি জুট মিল এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন-খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক, তার ছেলে যুব আন্দোলনের নগর যুগ্ম সম্পাদক তানভীর প্রমুখ।

নারায়ণগঞ্জ: ছাত্রদলের ১৫/২০ জন নেতা-কর্মী রূপগঞ্জ সদর এলাকায় কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের সামনে পোস্টার লাগাতে যায়। এতে ইউনিয়ন যুবলীগ সভাপতি মশিউর রহমান রিপনসহ তার লোকজন তাদের বাধা দিতে আসে। এনিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সোহেল, সাগর, এমদাদ, মোমেন, খলিল, আসলাম, মানিক, আলামিন, তোফাজ্জল হোসেন, রফিকুর ইসলাম, পিস্টন রাসেলসহ উভয়পক্ষের অন্তত ১৭ কর্মী সমর্থক আহত হয়েছে।

চট্টগ্রাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর গণসংযোগে হামলার অভিযোগ ওঠেছে। হামলায় এক নারী কর্মীসহ ছয়জন আহত হয়েছে বলে তার ব্যক্তিগত সহকারী মো. সেলিম জানিয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কোম্পানীগঞ্জ (নোয়াখালী): উপজেলা জামায়াত সেক্রেটারি ও ২০ দলীয় জোটের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা মোশারফ হোসেনসহ (৪৫) পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যরা হলেন, জেলা শিবিরের সভাপতি ইয়াকুব হোসেন (২৮), উপজেলা শিবিরের সভাপতি টিপু (২৫) প্রমুখ। তাদেরকে নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে।

কুমিল্লা: গতকাল আদালতে হাজিরা দিতে এসে সন্ত্রাসী হামলার শিকার হন জেলার সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী ও তার স্ত্রী। নগরীর মনোহরপুস্থ নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি দলীয় প্রার্থী হাজী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, এই নিয়ে তিন দিনে প্রতিপক্ষের হামলায় অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে।