খালেদা জিয়ার রিট হাইকোর্টের তৃতীয় বেঞ্চে

একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তিনটি রিট আবেদন নিষ্পত্তির জন্য হাইকোর্টের তৃতীয় বেঞ্চে পাঠিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বিচারপতি জেবিএম হাসানের একক হাইকোর্ট বেঞ্চে এসব আবেদনের উপর আজ বৃহস্পতিবার শুনানি অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার বিকালে প্রধান বিচারপতি শুনানির জন্য মামলার নথি ওই বেঞ্চে পাঠিয়ে দেন।

বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার খালেদা জিয়ার তিন রিট আবেদনের উপর দ্বিধাবিভক্ত আদেশ দেন। পরে বিষয়টি নিষ্পত্তির জন্য ওইদিনই মামলার নথি প্রধান বিচারপতির দপ্তরে পাঠিয়ে দেন। কিন্তু নথির সঙ্গে দ্বিধাবিভক্ত আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি না থাকায় তা পুনরায় হাইকোর্টের ওই বেঞ্চে পাঠানো হয়। গতকাল বিকালে পূর্ণাঙ্গ আদেশের অনুলিপিসহ মামলার নথি প্রধান বিচারপতির দপ্তরে আসে। এরপরই প্রধান বিচারপতি রিট আবেদনগুলো নিষ্পত্তির জন্য হাইকোর্টের তৃতীয় বেঞ্চ গঠন করে দেন। এখন এই বেঞ্চের সিদ্ধান্তের উপর নির্ভর করছে খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা?