শুধু সাভারকার নয় নাথুরাম গডসেকেও ভারতরত্ন দিন :ওয়েইসি

বিনায়ক দামোদর সাভারকরকে ভারতরত্ন দেওয়ার দাবি উঠেছে বিজেপির পক্ষ থেকে। মহারাষ্ট্রে বিজেপি ক্ষমতায় ফিরে এলে বিনায়ক দামোদর সাভারকরকে ভারতরত্ন দেওয়ার জন্য কেন্দ্র সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে বলে প্রতিশ্রুতিও দিয়েছেন দেবেন্দ্র ফড়ণবীসরা। এবার বিজেপির এই প্রস্তাবের চূড়ান্ত বিরোধিতা করে মাঠে নেমেছেন এমআইএম সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। তীব্র কটাক্ষ করে তিনি বলেন, ‘শুধু সাভারকারই নয়, বিজেপি সমর্থকরা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে দেশের সর্বোচ্চ পুরস্কার দেওয়ার দাবি তুলুক।’ সাভারকারকে ভারতরত্ন দেওয়ার প্রস্তাবের বিরোধিতা করার পেছনে বেশ কয়েকটি যুক্তিও দিয়েছেন ওয়েইসি। তার স্পষ্ট দাবি, গান্ধী হত্যার তদন্তের জন্যে জীবনলাল কমিশনের তরফে সাভারকারকে ডাকা হয়েছিল। সাভারকার ধর্ষণকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন বলেও অভিযোগ। ওয়েইসি আরো বলেন, ‘সাভারকার নিজেকে ব্রিটিশ সরকারের অন্যতম বাধ্য প্রতিনিধিও মনে করতেন। শিবাজী কেন ধর্ষণকে তার হাতিয়ার করেননি, এই নিয়েও প্রশ্ন তুলেছিলেন সাভারকার।’ ওয়েসি বলেন, এতসবের পরে যদি সাভারকারকে ভারতরত্ন দেওয়ার দাবি উঠতে পারে তবে গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকেই বা কেন নয়?        —আনন্দবাজার পত্রিকা