মঠবাড়িয়া পৌর শহরের প্রাণকেন্দ্রের প্রধান বেহাল সড়কে দুর্ঘটনা রোধে খানাখন্দ ভরাটের কাজ করল পুলিশ। মঠবাড়িয়া থানায় কর্মরত দুই পুলিশ সদস্য কোদাল ও ঝুড়ি নিয়ে বেহাল পাকা সড়কের গর্তে বালু খোয়া দিয়ে ভরাটের কাজ করেছেন। পুলিশের এমন স্বেচ্ছাশ্রমে সামাজিক উদ্যোগে স্থানীয়রাও উদ্বুদ্ধ হয়ে হাত বাড়িয়ে সহযোগিতা করেছেন। গতকাল বুধবার দুপুরে রাস্তা মেরামতের এ কাজ করে জনমনে ব্যাপক আলোচনায় আসেন দুই পুলিশ সদস্য। পৌরসভার প্রাণকেন্দ্রে সওজের দুই কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে প্রশস্তকরণের নামে খোঁড়াখুঁড়ি করায় খানাখন্দ হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছায়।