চট্টগ্রামে ব্যবসায়ী মিজানের বিরুদ্ধে ১৪৪ কোটি টাকা আত্মসাতের মামলা

ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মসাত্ করার অভিযোগে মিজানুর রহমান শাহীন নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতিদমন কমিশন (দুদক)। অভিযুক্ত ব্যবসায়ী চট্টগ্রামের মিশম্যাক শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিক। তিনি মার্কেন্টাইল ব্যাংক থেকে ১৪১ কোটি ১৩ লাখ ২ হাজার টাকা ঋণ নিয়ে আত্মসাত্ করেছেন বলে মামলার এজাহারে বলা হয়েছে। একই মামলায় তাকে সহায়তার অভিযোগে মার্কেন্টাইল ব্যাংকের আগ্রাবাদ শাখার সাবেক ব্যবস্থাপক নন্দদুলাল ভট্টাচার্যকেও আসামি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুদক, চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী।

দুদক সূত্র জানায়, মামলার এজাহারে আসামিরা জাল-জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে নিজেরা লাভবান হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। এজাহারে আরো বলা হয়, গ্রাহককে ঋণ অনুমোদনের আগে ঋণপত্র খুলে দিয়ে, প্রয়োজনীয় সিকিউরিটি গ্রহণ না করে এবং বন্ধকি সম্পত্তির অতিরিক্ত মূল্য দেখিয়ে ঋণ পাইয়ে দেওয়া হয়। পরবর্তীতে সেই ঋণ সঠিকভাবে ব্যবহার হচ্ছে কি-না সেটা মনিটরিং করা হয়নি। অন্যদিকে গ্রাহক ঋণ মঞ্জুরিপত্রের শর্তাবলী সঠিকভাবে প্রতিপালন না করে সেই টাকা অবৈধ স্থানান্তরের মাধ্যমে আত্মসাত্ করে বলে প্রমাণ পেয়েছে দুদক।