হবিগঞ্জে ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জের বাহুবল, সদর ও আজমিরীগঞ্জ উপজেলায় ১০ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে পৃথক ভ্রাম্যমান আদালত। গত বুধবার বাহুবল উপজেলার পুটিজুরী এলাকায় আখঞ্জি ফিলিং স্টেশনকে ওজনে কারচুপির অভিযোগে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিএসটিআইকে সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক। এছাড়া অভিযানকালে বাহুবল বাজারে আল আকছা বস্ত্র বিতানকে মিটারের পরিবর্তে গজ ব্যবহার করায় ৫ হাজার টাকা এবং আদর্শ মিষ্টান্ন ভান্ডারকে বেশি ওজনের প্যাকেট ব্যবহার করায় ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

একই দিন হবিগঞ্জ শহরের দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা বেগম ও প্রতীক মণ্ডলের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত শহরের চৌধুরী বাজার এলাকার শরীফ স্টোরকে ৫ হাজার টাকা এবং বেবিস্ট্যান্ড এলাকায় আল আমিন বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করে। অপরদিকে আজমিরীগঞ্জের টানবাজারে গত বুধবার ৫টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: নাঈমা খন্দকার।