জৈন্তাপুর সীমান্তে পতাকা বৈঠক

ফেরত পাঠানো হলো প্রেমের টানে বাংলাদেশে চলে আসা গৃহবধূকে

জৈন্তাপুর উপজেলার টিপরাখলা সীমান্তে বৃহস্পতিবার দুপুরে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নারী ও ধরে নিয়ে যাওয়া বাংলাদেশী নাগরিককে নিজ নিজ দেশের বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

উভয় দেশের আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধিদের উপস্থিতির মাধ্যমে প্রেমের টানে বাংলাদেশে চলে আসা ভারতীয় নাগরিক ও বাংলাদেশ থেকে ধরে নিয়ে যাওয়া ব্যক্তিকে নিজ নিজ দেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। তাছাড়া, ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি কৃষকদের গরুগুলোও এসময় ফিরিয়ে দেওয়া হয়।

প্রসঙ্গত, প্রেমের টানে ভারতীয় ৫ সন্তানের জননী বাংলাদেশে চলে আসাকে কেন্দ্র করে ১ বাংলাদেশী নাগরিকসহ প্রায় শতাধিক গরু ধরে নিয়ে যায় ভারতীয় খাসিয়ারা। অবশেষে কয়েক দফা পতাকা বৈঠকের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হলে প্রায় ৩ ঘণ্টার বৈঠকের পর লিখিতভাবে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে জৈন্তাপুর ক্যাম্প কমান্ডার আব্দুল কাদির বলেন, আমরা কয়েক দফা শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে চলে আসা নারীকে পুলিশের মাধ্যমে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা হতে উদ্ধার করে নিয়ে আসি, বৈঠকের মাধ্যমে তাকে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর নিকট হস্তান্তর করি। খাসিয়া কর্তৃক ধরে নিয়ে যাওয়া বাংলাদেশী নাগরিকসহ গরুগুলো তাদের নিকট হতে আমরা বুঝে নেই। বর্তমানে জৈন্তাপুর উপজেলার টিপরাখলা এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।