আমাদের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে :ড. কামাল

সিলেটে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। গতকাল বুধবার বিকালে ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের ৫ নেতা মাজার জিয়ারত শেষে ধানের শীষের প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে প্রচারণায় নামেন। এ সময় জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন নির্বাচনে শেষমুহূর্ত পর্যন্ত লড়াইয়ের মাঠে থাকার ঘোষণা দিয়ে বলেন, সারাদেশে ঐক্যফ্রন্টের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে আমরা সফল হতে পারি।

সুষ্ঠু নির্বাচন আদায় করে নিতে হবে। ৩০ ডিসেম্বর সকালে আপনারা ভোট প্রয়োগ করবেন। ভোটকেন্দ্র পাহারা দেবেন। দুই নম্বরি করতে দেবেন না। শেষ পর্যন্ত নির্বাচনে লড়ে যাবো আমরা। বিজয় আমাদের হবেই ইনশাআল্লাহ। তিনি বলেন, জনগণ দেশের মালিক। আর সুষ্ঠু নির্বাচন না হলে তাদের মালিকানা থাকে না। দেশে জনগণের মালিকানা না থাকলে স্বাধীনতাও থাকে না। স্বাধীনতার লক্ষ্যই সুষ্ঠু নির্বাচনের আয়োজন।

গতকাল সন্ধ্যায় সিলেটের শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি। তিনি বলেন, প্রতিদিন আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এটি সুষ্ঠু নির্বাচনের আলামত নয়। তবে আমাদের এ সব করে ভোটের মাঠ থেকে সরাতে পারবেন না। ড. কামাল বলেন, শাহজালাল (র.) এর দোয়া নিয়ে সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করলাম। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে অনেক ঘাটতি রয়েছে। তবুও আমরা নির্বাচনে আছি এবং থাকবো। নেতা-কর্মীদের মাঠে সক্রিয় থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, পুলিশ ও প্রশাসনের দায়িত্ব হলো জনগণের অধিকার রক্ষা করা। সরকারের ‘অসত্’ উদ্দেশ্য সমর্থন করা তাদের দায়িত্ব নয়। এ সময় তার সাথে ছিলেন ঐক্যফ্রন্টের অন্যতম নেতা আ স ম আব্দুর রব, বঙ্গবীর কাদের সিদ্দিকী, নজরুল ইসলাম খান, ডা. জাফরুল্লাহ।

এ দিকে দুপুরের আগেই মাজার এলাকায় জড়ো হন বিএনপিসহ ঐক্যফ্রন্টের শরীক বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ। সে সময় মাজারের প্রধান ফটকের সামনে জড়ো হওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।  

নজরুল ইসলাম খান আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কথা উল্লেখ করে বলেন, বর্তমান স্বৈরাচারের সাথে আশির দশকের স্বৈরাচার এক হয়েছে। স্বৈরাচাররা যতই ষড়যন্ত্র করুক আমরা নির্বাচনের মাধ্যমে জনগণের রাজত্ব কায়েম করব। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, মাজার জিয়ারতে এসে মানুষের ব্যাপক উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। এটা ধরে রাখতে পারলে ঐক্যফ্রন্টের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ডা. জাফরুল্লাহ চৌধুরী নেতা-কর্মীদের উদ্দেশ্য বলেন, ভয়ের কারণ নেই। জনগণের বিজয় নিশ্চিত। মাঠে থাকেন জেলখানায় আর যায়গা নেই। রাতে নেতৃবৃন্দ হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করেন।

বিলম্বিত ফ্লাইট: জাতীয় ঐক্যফ্রন্ট কেন্দ্রীয় নেতারা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা চালাতে বুধবার দুপুর ২টা ১০ মিনিটে সিলেটে পৌঁছার কথা থাকলেও ফ্লাইট বাতিল হওয়ার কারণে অপর ফ্লাইটে বিকাল সোয়া ৪টায় সিলেট পৌঁছান। বিমানের এ ফ্লাইটটি দেরিতে পৌঁছা নিয়েও কাদের সিদ্দিকী প্রশ্ন তুলেছেন। সিলেটে পৌঁছেই তারা হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেন। প্রচণ্ড ভিড়ের কারণে ড. কামাল হোসেন মাজারের মূল স্থানে উঠতে পারেননি। পরে তিনি মাজার চত্বরেই চেয়ারে বসে মাজার জিয়ারত করেন। এ সময় বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত সিলেট-১ আসনের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক, বিএনপি নেতা আব্দুল গাফ্ফার, মহানগর বিএনপির সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, ফরহাদ চৌধুরী শামীম, আব্দুল আহাদ খান জামালসহ বিপুলসংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।