চীন বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করতে আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। তিনি জানান, বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য চীনের ভিসা সহজ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী দিনগুলোতে বাংলাদেশ-চায়না বাণিজ্য আরো বৃদ্ধি পাবে। চীন বাংলাদেশকে আরো বাণিজ্য সুবিধা প্রদান করবে এবং বিনিয়োগ বৃদ্ধি করবে। গতকাল ঢাকায় নবনিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সাক্ষাত্ করে এ কথা বলেন। এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের বন্ধুরাষ্ট্র এবং বড়ো ব্যবসায়িক অংশিদার। চীনের সঙ্গে বাংলাদেশের বিনিয়োগ ও বাণিজ্য বেড়েই চলছে। বাংলাদেশ চীনের আরো বেশি বিনিয়োগ আশা করে এবং আরো বেশি রপ্তানি সুবিধা প্রত্যাশা করে। বাংলাদেশে পণ্য উত্পাদনের খরচ কম। চীন বাংলাদেশে পণ্য উত্পাদন করে সারা বিশ্বে রপ্তানি করতে পারে। বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য চায়নার ভিসা সহজ করলে উভয় দেশের বাণিজ্য আরো বৃদ্ধি পাবে।