কমনওয়েলথভুক্ত দেশগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বুধবার যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের (সিডব্লিউইআইসি) গ্লোবাল অ্যাডভাইজরি কাউন্সিলের সভায় এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম এ আহ্বান জানান। তিনি বলেন, কমনওয়েলথভুক্ত দেশেগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ আরো জোরদার করতে এফবিসিসিআই পাশে থাকবে। এ সময় তিনি বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে সরকারের দেওয়া বিদ্যমান সুবিধা তুলে ধরেন।
উল্লেখ্য, কমনওয়েলথ সচিবালয় এবং সদস্য দেশগুলোর সরকার ও শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর সহযোগিতায় ২০১৪ সালে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের উদ্দেশ্যে কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল (সিডব্লিউইআইসি) গঠিত হয়। কমনওয়েথভুক্ত দেশগুলোর মধ্য থেকে এবারই প্রথমবারের মতো বাংলাদেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই সিডব্লিউইআইসির স্ট্র্যাটেজিক পার্টনার হয়েছে।