ম্যাচটা খেলতে খুব সকালে ফতুল্লা চলে গিয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু শেষ পর্যন্ত না খেলেই ঢাকায় ফিরতে হয়েছে তাকে। গতকাল সকাল ১১টায় মিরপুর স্টেডিয়ামে দেখা গেল বাঁহাতি এই ওপেনারকে। পাঁজরের চোটের কারণে গতকাল শুরু হওয়া জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডে খেলতে পারছেন না তামিম। এক সপ্তাহের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ এই ওপেনারকে।
বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী গতকাল এই সম্পর্কে বলেছেন, ‘পাঁজরে হালকা চোট লেগেছে পরশু (মঙ্গলবার)। তবে প্রথমে ব্যথা ছিল না। গতকালও (বুধবার) নেটে ব্যাটিং করেছেন তিনি। এরপর বিকেল থেকে ব্যথা। সকালে স্ক্যানে চোট ধরা পড়েছে। এক সপ্তাহর মতো লাগবে সেরে উঠতে।’
গত মঙ্গলবারই মিরপুরের নেটে ব্যাটিংয়ের সময় পাঁজরে চোট পান তামিম। সেন্টার উইকেটে কোচ সালাউদ্দিনের সঙ্গে অনুশীলনের পরই পাঁজরে কিছুটা ব্যথা অনুভব করেন। গুরুতর কিছু মনে না হওয়ায় বুধবার আবারও ব্যাটিং অনুশীলন করেছেন তিনি। ব্যাটিংয়ের পর বিকেলে আবারও ব্যথা মাথাচাড়া দিয়ে ওঠে। যার ফলেই গতকাল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এনসিএলের ম্যাচে বরিশালের বিরুদ্ধে খেলতে নামতে পারেননি চট্টগ্রামের এই ওপেনার।
ব্যথা নিয়েই ফতুল্লায় গিয়েছিলেন তামিম। ম্যাচটাও খেলতে চেয়েছিলেন। কারণ ভারত সফরের আগে এটাই ছিল ম্যাচ খেলার শেষ সুযোগ। কিন্তু বিসিবির ফিজিও, চিকিত্সক ও চট্টগ্রাম দলের ফিজিওর সঙ্গে কথা বলার পর খেলার ঝুঁকি আর নেননি।
ফতুল্লা থেকে ফেরার স্ক্যান করা হয়েছে। তাতে কিছুটা চিড় ধরা পড়েছে তামিমের। আপাতত পাঁজরে টেপ পেঁচিয়ে দেওয়া হয়েছে তার।
ভারত সফরের আগে তামিমের চোট বাংলাদেশ শিবিরের জন্য ভালো খবর নয়। দ্রুতই ভারত সফরের টি-২০ ও টেস্টের দল ঘোষণা করা হবে। আগামী ২৫ অক্টোবর শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। তার আগেই তামিম সুস্থ হয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।
চার বছর খেলতে নেমে এনসিএলে এক রাউন্ড খেলেছেন তামিম। মিরপুর স্টেডিয়ামে ঢাকা মেট্রোর বিপক্ষে দুই ইনিংসে ৭৬ রান করেছেন তিনি। এনসিএল দিয়েই বিরতির পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন এই ওপেনার। বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ঐ সফরে ধবলধোলাই হয় বাংলাদেশ। তারপরই সেপ্টেম্বরে আফগানদের বিরুদ্ধে একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় টি-২০ সিরিজ না খেলে বিশ্রামে যান তামিম।