ইংল্যান্ডের ক্রিকেটার জো ডেনলি ও স্যাম বিলিংস প্রিমিয়ার লিগের ফুটবল দল ক্রিস্টাল প্যালেসের সঙ্গে অনুশীলন করেছেন। নিউজিল্যান্ড সফরের দুটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট সামনে রেখে তারা এই অনুশীলন করেন। অনুশীলন শেষে প্যালেস কোচ রয় হডসন ও ডিফেন্ডার জোয়েল ওয়ার্ড কাউন্টি দল কেন্টের ইনডোর একাডেমি দেখতে যান। ডেনলি এবং বিলিংস উভয়ই কাউন্টিতে ক্রিকেটে কেন্টের হয়ে খেলেন। ডেনলি সদ্য শেষ হওয়া অ্যাশেজে ইংল্যান্ড দলের সদস্য ছিল। আর বিলিংস কেন্টের অধিনায়ক এবং মারকুটে টপ অর্ডার ব্যাটসম্যান। স্যাম বিলিংস অনুশীলন নিয়ে বলেন, ‘আমি সেশনটা ক্রিকেটের অনুশীলনের চেয়ে বেশি উপভোগ করেছি। এটা অবশ্যই অনেক বড়ো সুযোগ অন্য খেলার শীর্ষ পর্যায়ের দলের সঙ্গে ট্রেনিং করা। যেখান থেকে নিজের জন্য অনেক কিছু শেখার আছে।’